কয়রায় হাটের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
কয়রা (খুলনা) প্রতিবেদক: খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী হায়াতখালী হাটের জায়গা দখলের চেষ্টার অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাজারের শত শত ব্যবসায়ীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়ি গ্রামের আকবার আলী ও মাসুদ সরদার দীর্ঘদিন ধরে হাটের সরকারি জায়গা দখলের পাঁয়তারা চালাচ্ছেন। ব্যবসায়ীরা এই অন্যায়ের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও এই চক্রটি প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছিল বলে মানববন্ধনে জানানো হয়।
হায়াতখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. সোহাগ জামান বলেন, "একটি প্রভাবশালী চক্র বাজারের জায়গা দখল করে সাধারণ ব্যবসায়ীদের জীবিকা সংকটে ফেলছে। তারা মামলা-হামলার ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ করতে চায়।" ব্যবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে এই অবৈধ দখলচেষ্টা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বাজার কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী আনিছুর রহমান, আলহাজ্ব কামরুল ইসলাম, মাস্টার ফজলুল হক, বদিউজ্জামান বিলু প্রমুখ। কর্মসূচিতে বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
এ.আই.এল/সকালবেলা
|