কাস্টমস কমিশনারের অপসারণ দাবি সাংবাদিকদের

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
কাস্টমস কমিশনারের অপসারণ দাবি সাংবাদিকদের

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে এক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয় সাংবাদিক সমাজ। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পেশাগত দায়িত্ব পালনে আরপিইউজে সভাপতি ও দৈনিক দিনকাল-এর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক কাস্টম কমিশনারের কার্যালয়ে গেলে তাঁর সাথে অত্যন্ত অশালীন ও অসৌজন্যমূলক আচরণ করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রতিবাদে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংবাদিক সমাজের সভাপতি লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে এবং আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানীর সঞ্চালনায় এতে জেলার সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সমাবেশে সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ, স্বপন চৌধুরীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের অপসারণ এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক বাবলু নাগ, হুমায়ন কবীর মানিক, রেজাউল করিম মানিক, হারুন উর রশিদ সোহেলসহ রংপুর মহানগর ও ৯টি উপজেলার বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন