ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন থেকে ১১ নারী পকেটমার গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন থেকে ১১ নারী পকেটমার গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃজেলা নারী পকেটমার ও চোর চক্রের ১১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। 

গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত নারীরা দীর্ঘদিন ধরে ট্রেনের যাত্রী সেজে সাধারণ মানুষের, বিশেষ করে নারী যাত্রীদের মূল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ও জিনিসপত্র চুরি ও পকেটমারি করে আসছিল।

গ্রেপ্তারকৃত ১১ নারীর সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। তাঁরা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) এবং সুজনা আক্তার (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এই সংঘবদ্ধ চক্রের ১১ নারী সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে সুকৌশলে যাত্রী সেজে উঠতো। এরপর ট্রেনের ভেতরে কিংবা প্ল্যাটফর্মে ভিড়ের সুযোগ নিয়ে নারী যাত্রীদের গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী পকেটমার করে কেটে পড়তো। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও পকেটমারির মামলা রয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন ও স্টেশনে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধরনের অপরাধী চক্রের মূল উৎপাটনে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন