উল্লাপাড়ায় জ্বালানি তেলসহ আটক ১
মো. কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২০০ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকস টিম পাবনা-ঢাকা মহাসড়কের শ্যামলীপাড়া বাজারস্থ ইয়ামাহা শোরুমের সামনে অবস্থান নেয়। এ সময় একটি নীল রঙের ছোট পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে পিকআপের ভেতর থেকে ড্রামভর্তি মোট ১২০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের দায়ে পিকআপ চালককে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। উল্লাপাড়া মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত তেল ও জব্দকৃত গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে জেলাজুড়ে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা
|