নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

নড়াইল প্রতিনিধি: নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নড়াইলে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসন ও বর্ষবরণ পর্ষদ, নড়াইলের যৌথ উদ্যোগে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি এবং সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে তিন দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের সূচনা হয়।

তিন দিনব্যাপী এই উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে— প্রভাতি সংগীত, বৈশাখী প্রদীপ প্রজ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার সকালে সুলতান মঞ্চ চত্বরে প্রভাতি সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডসহ ঢাক-ঢোল ও কাঁসরের বাদ্যে মুখরিত হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নূরে আলম সিদ্দিকী। এছাড়াও সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত লোকজ মেলায় নড়াইলের গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির সমাহার ঘটে। নড়াইলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন