ঘোড়াঘাটে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ণ
ঘোড়াঘাটে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: উত্তরের শান্ত জনপদ দিনাজপুরের ঘোড়াঘাটে আম বাগানের সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আমের গুটি। মুকুল ও গুটির মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। চলতি মৌসুমে আমের বাম্পার ফলন অর্জনের লক্ষ্যে বাগানের পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর ঘোড়াঘাট উপজেলায় ৮৭৫ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের তুলনায় এবার আমের ফলন অনেক বেশি হয়েছে। বিশেষ করে উন্নত ফলনশীল জাতের আমের চাষাবাদে বিপ্লব ঘটেছে এই এলাকায়। প্রথাগত জাতের পাশাপাশি এবার কাটিমন, ব্যানানা ম্যাংগো এবং বারি-১, ২, ৩ ও ৪ জাতের আমের ব্যাপক চাষ হয়েছে। নতুন এসব জাতের আম অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

আম চাষিরা জানান, ৫ বছর বয়সী চারা গাছগুলোতে যে পরিমাণ আম ধরেছে, তা অভাবনীয়। তারা বর্তমানে আমের ভালো ফলন নিশ্চিত করতে এবং গুটি ঝরা রোধে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ভিটামিন ও ব্যাকটেরিয়া নাশক স্প্রে প্রয়োগ করছেন। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার লাভের মুখ দেখবেন বলে তারা আশাবাদী।

উপজেলার শ্যামপুর লালমাটি, লালবাগ ও ওসমানপুর গ্রাম ঘুরে দেখা যায়, আম চাষী মোঃ জিয়াব উদ্দিন তাঁর ৫ একর জমির ওপর ৩টি আম বাগান করেছেন। ১৫-১৬ বছর বয়সী কলম করা এসব গাছে ফজলি, হিমসাগর, ল্যাংড়া ও নাগ ফজলিসহ বিভিন্ন জাতের আমে ছেয়ে গেছে।

ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান বলেন, "এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের পরাগায়ন সঠিকভাবে সম্পন্ন হয়েছে। অনেক গাছে আমের গুটি বেশ বড় হয়ে গেছে। আমরা নিয়মিত চাষিদের পরামর্শ দিচ্ছি। আশা করছি, আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ঘোড়াঘাটে এবার আমের রেকর্ড পরিমাণ ফলন হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন