চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই নেতার এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে যান। সেখানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। এর আগে বুধবার বিকেলে তিনি দালিয়ান থেকে বেইজিং পৌঁছালে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং চীনের বিভিন্ন বড় শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

মাত্র ২৫ সদস্যের একটি ছোট প্রতিনিধিদল নিয়ে এই সফর করছেন প্রধানমন্ত্রী। সফর শেষে আজ শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করার কথা রয়েছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন