ফটিকছড়ির হত্যা ও অস্ত্র মামলা: ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
ফটিকছড়ির হত্যা ও অস্ত্র মামলা: ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড
চট্টগ্রাম আদালতে নিয়ে আসার পর পুলিশের কড়া নিরাপত্তায় ডেভিড ইমন ও তার সহযোগীরা

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা এবং অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ফটিকছড়ির দুটি মামলায় গ্রেফতারকৃত আসামিদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল তদন্তকারী পুলিশ। শুনানি শেষে বিজ্ঞ বিচারক প্রতি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুটি ভিন্ন মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ড চলাকালে ঘটনার নেপথ্যের কারণ এবং তাঁদের বাকি সহযোগীদের বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।

এর আগে গত ২৯ জুলাই যশোর জেলার কোতোয়ালী থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ তার চার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি এবং বিপুল পরিমাণ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন