কালিয়াকৈরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক দোকানপাট ও জমি দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে কালিয়াকৈর পৌরসভার চান্দরা ইয়াছিন মার্কেট এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে জানা যায়, উপজেলার চান্দরা মৌজাস্থিত সিএস খতিয়ান নং- ১৫০, এসএ ২৯৫, আরএস ১৬৯ দাগে ২০ শতাংশ জমি ক্রয় করে সেখানে দোকানপাট তৈরি করেন আফজাল হোসেন। এরপর থেকে তিনি নিয়মিত পৌর কর প্রদান করে সম্পত্তিটি ভোগদখল করে আসছিলেন। তবে সম্প্রতি চান্দাবহ এলাকার মৃত মোহাম্মদ আব্দুল আজিজের ছেলে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন লিজ সূত্রে তফসিলভুক্ত সম্পত্তির মালিকানা দাবি করে উক্ত দোকানপাট ও জমি জোরপূর্বক দখল করে নেন। এরই প্রতিবাদে এবং জমি ফিরে পাওয়ার দাবিতে ভুক্তভোগী পরিবার রাস্তায় নামে।
মানববন্ধনে বক্তব্য রাখেন—আফজাল হোসেন, কামরুজ্জামান কামরুল ও সুরুজ মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, ফয়েজ উদ্দিন, নাহিদ ইসলামসহ স্থানীয় সাধারণ এলাকাবাসী। বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করে দ্রুত এই জমি ও দোকানপাট উদ্ধারের দাবি জানান।
এআইএল/সকালবেলা
|