সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক; ভ্রমণে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক:টানা কয়েকদিনের রেকর্ডভাঙা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে অন্তত ৬০০ পর্যটক আটকা পড়েছেন। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কটেজ মালিক সমিতির নেতা রাহুল চাকমা জানান, গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সাজেকের মূল প্রবেশদ্বার মাচালং সড়কের একটি বড় অংশ ঢলের পানিতে তলিয়ে গেছে। সড়কে কোমর সমান পানি ওঠায় খাগড়াছড়ি সদরের সাথে সাজেকের সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যার ফলে আজ যেসব পর্যটকদের সাজেক ছেড়ে যাওয়ার কথা ছিল, তারা কেউ খাগড়াছড়ি ফিরতে পারেননি।
পর্যটকদের এই আকস্মিক দুর্ভোগের বিষয়ে কটেজ মালিকদের মানবিক ভূমিকার কথা উল্লেখ করে রাহুল চাকমা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে আকস্মিকভাবে আটকা পড়া এই ৬০০ পর্যটকের কাছ থেকে আমাদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত কোনো অতিরিক্ত রুম ভাড়া নেওয়া হচ্ছে না। যদি আজ বিকেলের মধ্যে সড়ক থেকে পাহাড়ি ঢলের পানি নেমে যায়, তবে আমরা বিশেষ স্কর্টের মাধ্যমে পর্যটকদের খাগড়াছড়ি সদরে নিরাপদে পাঠানোর ব্যবস্থা করব।”
এদিকে, রাঙামাটি জেলায় চলমান এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি ও বিশেষ গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস এবং রাঙামাটি জেলাজুড়ে চলমান টানা অতিভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় মারাত্মক ভূমিধস ও পাহাড়ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এই চরম উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা চলাকালীন সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, কটেজ এলাকা, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম উপত্যকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর, পর্যটকবাহী যানবাহনসহ সর্বসাধারণের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
রাঙামাটি জেলা প্রশাসন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপিপাসুদের প্রয়োজন ছাড়া রাঙামাটি ও সাজেক ভ্যালিতে ভ্রমণ থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা ও সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
|