২০২৭ সালের জন্য রেকর্ড বাজেট পরিকল্পনা অনুমোদন জার্মানির

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ
২০২৭ সালের জন্য রেকর্ড বাজেট পরিকল্পনা অনুমোদন জার্মানির

অনলাইন ডেস্ক: ২০২৭ অর্থবছরের জন্য ৫৬০.৯ বিলিয়ন ইউরো ব্যয়ের রেকর্ড বাজেট পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির সংসদের বাজেট কমিটি। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এক দীর্ঘ ম্যারাথন অধিবেশনের শেষ মুহূর্তে বেশ কিছু পরিবর্তন এনে শুক্রবার সকালে পরিকল্পনার খসড়াটি অনুমোদন করা হয়।

এর ফলে আগামী বছর জার্মান সরকারের জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয়ের পথ প্রশস্ত হলো।

বাজেট কমিটির অনুমোদিত এই খসড়ায় মূল বাজেটে প্রায় ১২৩ বিলিয়ন ইউরো নতুন ঋণ নেওয়ার পরিকল্পনা রাখা হয়েছে, যা সরকারের প্রাথমিক প্রস্তাবের চেয়ে প্রায় ৪ বিলিয়ন ইউরো বেশি।

এ ছাড়া অবকাঠামো ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বিশেষ তহবিলের মাধ্যমে অতিরিক্ত বিনিয়োগের ফলে মোট নতুন ঋণের পরিমাণ ২১০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক ঋণ গ্রহণের রেকর্ড (এর আগে ২০২১ সালে কোভিড মহামারির সময় সর্বোচ্চ ২১৫.৪ বিলিয়ন ইউরো ঋণ নেওয়া হয়েছিল)। পাশাপাশি, প্লাস্টিক প্যাকেজিং কর বাতিল এবং চিনিযুক্ত পানীয়ের ওপর প্রস্তাবিত কর ২০২৮ সাল পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেট পরিকল্পনার মূল খসড়া অনুমোদন পেলেও চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নেতৃত্বাধীন জোট সরকার (সিডিইউ/সিএসইউ এবং এসপিডি) বিদ্যুৎ কর কমানোর প্রস্তাবটি নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। বিদ্যুৎ কর আরও ব্যাপকভাবে কমানোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

শুক্রবার বাজেট কমিটিতে অনুমোদন পাওয়া এই খসড়া পরিকল্পনাটি জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত হবে। আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বুন্ডেসটাগের অধিবেশনে এই চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।