গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, ১৬ জুলাই ঘিরে নিরাপত্তা জোরদার

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, ১৬ জুলাই ঘিরে নিরাপত্তা জোরদার

হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: ১৬ জুলাইকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই বিজিবির সদস্যদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে র‌্যাব ও বাংলাদেশ পুলিশও যৌথভাবে দায়িত্ব পালন করছে। শহরের প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরণের উসকানি বা নাশকতা এড়াতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নজরদারি বাড়িয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ জুলাইকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে লক্ষ্যেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যপক আলোচনার জন্ম দেয়।

গত বছরের সেই রক্তক্ষয়ী ঘটনার প্রেক্ষাপটে এবারও ১৬ জুলাইকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে গোপালগঞ্জে আগাম অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরণের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন