স্ত্রীর অভিমানে চলন্ত ট্রেনে যুবকের আত্মহত্যা
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর ওপর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৫) নামের এক রাজমিস্ত্রি যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাগজানা রেলওয়ে স্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আশরাফুল তাঁর বাইসাইকেলটি স্টেশনের পাশে রেখে প্ল্যাটফর্মের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লেখেন— “হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে। তুমি ভালো থেকো আমি চলে গেলাম। আমার কলিজার টুকরা আয়ানকে সাথে না নিলে রেখে যেও।” এছাড়া তিনি তাঁর পরিবারের উদ্দেশ্যে লেখেন, তাঁর রেখে যাওয়া একমাত্র গৃহপালিত গরু বিক্রি করে যেন পাওনাদারদের সমস্ত ঋণ পরিশোধ করা হয়।
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরপরই রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখান থেকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে আশরাফুলের নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। তাদের সংসারে আয়ান নামের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। সন্তানকে আশরাফুল প্রচণ্ড ভালোবাসতেন। স্ত্রীর এমন আচরণ সইতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে স্বজনদের ধারণা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু এটি রেলওয়ের অধিক্ষেত্র, তাই দুর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে লাশ উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।”
এআইএল/সকালবেলা
|